
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নেতাকর্মীরা এ সময় রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্নাসহ বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপি আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
