
নিজস্ব প্রতিবেদক:
নামাজ পড়তে যাওয়ার পথে রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় প্রধান আসামি মোঃ হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ । মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নিহত গোলাম মোস্তফা মতিহার থানার ডাঁশমারী এলাকার মৃত তৈমুর আলীর ছেলে। অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমা চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয় বলে জানায় পুলিশ।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোলাম মোস্তফা এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। খোঁজাপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অব্যবহৃত গুলি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ নাজেরা বেগম মতিহার থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
