
মেঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:
শাহজাদপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে অবস্থিত ইউএনও’র কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নবাগত ইউএনও’র এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাহজাদপুরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য সরকারের বিশেষ বরাদ্দের দাবি জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, “বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সবাই একসঙ্গে বসবাস করেছে, ভবিষ্যতেও সেই সম্প্রীতি বজায় থাকবে বলে আমি আশা করি। সনাতন হিন্দু সম্প্রদায়ের সকল যৌক্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ-সভাপতি দিলীপ সূত্রধর ফটিক, সহ-সাধারণ সম্পাদক চন্দন কর্মকার, পৌর কমিটির সভাপতি রতন বসাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সিনিয়র সদস্য মনোরঞ্জন সাহা, সদস্য অমিয় কর্মকার, দাড়াদহ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার, রূপবাটী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দমোহন সরকারসহ উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও পার্থসারথী গীতা স্কুলের পরিচালকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহজাদপুরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে পূজা উদযাপন পরিষদ।
