
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা কনফারেন্স হলরুমে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স )-এর উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রাশেদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিয়ারাজ হোসেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এবং উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি নিপা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় লিডার্স এর মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়াদ্দার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন উপকূলীয় জনপদ গাবুরা ও আটুলিয়ার জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি নিরাপদ পানির সংকট ও জীবিকা সংকটের মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।কেয়ার প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি নিরাপদ পানির টেকসই ব্যবস্থা জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং নারী ও যুবদের ক্ষমতায়নে কাজ করা হবে।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন কেয়ার প্রকল্পের কার্যক্রম শ্যামনগরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
