আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণিসম্পদ পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal
৭৯ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফ্রেন্ডশিপ বাংলাদেশের ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণিসম্পদ পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় শ্যামনগর ও আশাশুনি উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মোট ৩৬০ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা সমন্বিত সবজি চাষ গরু ছাগল ভেড়া এবং হাঁস-মুরগি পালন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি অধিক ফলনশীল সবজি উৎপাদন প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা রোগ প্রতিরোধ খাদ্য ব্যবস্থাপনা এবং আয়বর্ধক কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে উপকূলীয় এলাকার প্রতিকূল পরিবেশে উপযোগী কৃষি প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে উঁচু বেড পদ্ধতিতে চাষাবাদ ঝুলন্ত পদ্ধতিতে সবজি উৎপাদন, কমিউনিটি ভিত্তিক সবজি চাষ, বীজ সংরক্ষণ এবং ফেরোমন ফাঁদ ব্যবহারের মতো আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি প্রাণিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা জানান এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। একই সঙ্গে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে।

ফ্রেন্ডশিপের ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রজেক্ট ম্যানেজার জুয়েল হাসান বলেন (এএসডি) প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং জীবিকাভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়ন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: