আজ- মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলেখালীতে খাল ও জলাশয় রক্ষায় যুবদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জেলেখালীর ত্রিপানি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সি এন আর এস  প্রকল্পের পার্টনার  সিডিও -এর সহযোগিতায় আয়োজিত সভায় খাল-জলাশয় উন্মুক্ত রাখা, অবৈধ দখল ও ভরাট প্রতিরোধ, দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারী ও যুবদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, মুন্সিগন্জ ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ গায়েন, B4RL-এর মাঠ ব্যবস্থাপক  সরওয়ার হোসেন,  মাঠ কর্মকর্তা  তৌহিদ হাসানসহ সিডিও এর ভলান্টিয়ার, যুব সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের বর্তমান ও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শক্তি। খাল ও জলাশয় রক্ষায় যুবদের সচেতন ও সক্রিয় হতে হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা করা গেলে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকার সুযোগও বাড়বে।

সিডিও-এর স্বেচ্ছাসেবক  হাফিজ বলেন, জেলেখালীসহ এলাকার সব খাল উন্মুক্ত রাখতে হবে। কোনো খাল অবৈধভাবে দখল হতে দেওয়া যাবে না। যুবসমাজ ঐক্যবদ্ধভাবে খাল ও জলাশয় রক্ষায় কাজ করবে।

কুলতলী গ্রামের পুষ্পরানী বলেন, কুলতলী খাল দখলের সময় মামলা হয়েছে, জেলও খেটেছেন। তবে খাল রক্ষার আন্দোলন থেকে তিনি পিছিয়ে যাননি। খাল বাঁচলে মাছ থাকবে এবং মাছ থাকলে স্থানীয় মানুষ ও নারীদের জীবিকার সুযোগও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা বলেন, খাল ও জলাশয় শুধু স্থানীয় মানুষের খাদ্য ও জীবিকার উৎস নয়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জলাশয় দখল ও ভরাট বন্ধে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আলোচনা শেষে অংশগ্রহণকারী যুবরা জেলেখালী খাল পরিদর্শন করেন। এ সময় খাল ও জলাশয় দখল প্রতিরোধ, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: