আজ- , ,

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি 

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উভয় কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক আসনের বিপরীতে এতে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার তারিখ ও কেন্দ্র চূড়ান্ত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের ভোগান্তি কমানো ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্যে রুয়েটের বাইরে বুয়েটেও কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সমমানের গ্রেড থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া আবেদনকারীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে মোট ন্যূনতম জিপিএ ১৩.০০ থাকতে হবে। একই সঙ্গে তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৪.০০ অর্জন করতে হবে।

জিসিই পদ্ধতিতে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। আর ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর অথবা এর পরবর্তী সময়ে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য বিষয় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত পরবর্তী সময়ে স্টিয়ারিং কমিটির সভায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 November 2026

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি 

www.prokashkal.com |
/Prokashkal