
নিজস্ব প্রতিবেদক :
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় পুলিশ কমিশনার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ মহানগর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি সামাজিক সংগঠনগুলোর পরিবেশ ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডা. নওশিয়া অরিন, সহ-সভাপতি সাদিয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নাফিয়া তাবাস্সুম, জান্নাতুন তাজ, সানিয়া শেখ, শামসুন্নাহার তন্নী, জাকিয়া ফারিন ও মুসকান ইরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবেশ সংরক্ষণ ও সবুজ মহানগর গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
