
রুয়েট প্রতিনিধি:
শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ১১তম আরসিএফ (RUET Career Forum) ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন ১০ ও ১১ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকদের অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য এটি হয়ে ওঠে একটি কার্যকর ক্যারিয়ার উন্নয়ন প্ল্যাটফর্ম।
ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সকাল ৯টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ক্যারিয়ার ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এ সময় অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব দক্ষতা ও শিল্পখাতের সঙ্গে পরিচিতি। এ ধরনের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দেয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।”
দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি Sigma Oil Industries Ltd.-এর অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশগ্রহণের সুযোগ পান, যা অনেক শিক্ষার্থীর জন্য সম্ভাব্য কর্মজীবনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়।
প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল বিসিএস ক্যারিয়ার সেমিনার। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার—৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. রাইসুর রহমান রাব্বি, ৪৬তম বিসিএস (রেলওয়ে) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. হাসিবুল হাসান সিফাত এবং ৪৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রিফাত হুসাইন আকন্দ পুলক। তারা বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা এবং সফলতার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় Higher Studies, IELTS and Spoken English বিষয়ক সেমিনার। এতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, আইইএলটিএস প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
একই দিনে আয়োজিত এইচআর সামিটে Walton, PRAN Group, RFL Group, BSRM, MGI-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা কর্পোরেট সংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া, চাকরির বাজারের বর্তমান চাহিদা, সফট স্কিল এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
১১ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ক্যারিয়ার ফোরামের উপদেষ্টা ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহকারী অধ্যাপক জেড. এইচ. এম. মঞ্জুর মোরশেদ।
দুই দিনের বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে এ সময় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে রুয়েট ক্যারিয়ার ফোরাম শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনেও আমরা কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি চাকরির প্রস্তুতি এবং উচ্চশিক্ষার সুযোগ—সবকিছুকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
এবারের ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল Walton, BSRM, PRAN Group, RFL Group, MGI, Navana, Sigma Oil Industries Ltd., Echologyx Ltd., Orbeetal, Mentors এবং Nextzen Civil। এছাড়া Avian BPO & IT টাইটেল স্পন্সর, Jamuna TV ও RUET Reporters Unity মিডিয়া পার্টনার, Majar Hobby Electronics টেকনিক্যাল পার্টনার, Ryze গেমিং পার্টনার এবং Tasty Treat ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিল।
আয়োজকদের মতে, এবারের ক্যারিয়ার ফেয়ার শুধু চাকরির আবেদন বা নিয়োগ কার্যক্রমে সীমাবদ্ধ ছিল না; বরং কর্পোরেট সংযোগ, অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট, বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষা, ভাষাগত দক্ষতা এবং সফট স্কিল উন্নয়নের সমন্বয়ে এটি শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং দেশের শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
